মসজিদুল আকসার গ্র্যান্ড খতিবকে আটক করেছে ইসরাইল

আপডেট : ৩০ মে ২০২০, ২২:৪২

মুসলমানদের প্রথম কিবলা ও পবিত্র স্থান মসজিদুল আকসার গ্র্যান্ড খতিব ও ইমাম শাইখ ইকরামা সাঈদ সাবরিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। গত শুক্রবার বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে তার বাসভবনে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের হামাস। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে গ্রেফতারের মাধ্যমে আল-আকসা মসজিদে প্রবেশ ও ইবাদতের অধিকার লংঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লিশূন্য করারও চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলছে। ইসরাইল করোনার অজুহাতে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরো নানা ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।