করোনার উপসর্গ নিয়ে কিশোরসহ চার জনের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২০, ২২:৫০

মহামারি করোনার উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক কিশোরও রয়েছে। শুক্রবার দিবাগত রাত ও গতকাল শনিবার তাদের মৃত্যু হয়।

বরিশাল অফিস জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল দুই পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। এদের বয়স ৪৫ ও ৬০ বছর। এক জনের বাড়ি মুলাদি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। অন্যজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায়। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলায় গলাব্যথাসহ জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ পুমদি গ্রামে তার মৃত্যু হয়। জানা যায়, তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান এ তথ্য জানান।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান,  বকশীগঞ্জের মাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে গতকাল এক যুবক (১৯) মারা গেছেন। তিনি নারায়ণগঞ্জে পোশাক কারখানায় চাকরি করতেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, ‘তার পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।’ উপজেলা নির্বাহী অফিসার আ স ম জমশেদ খোন্দকার জানান, ঐ যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে।