শুক্রবার বিকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এক সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খোলার সিদ্ধান্ত হয়। ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাবি প্রশাসন। তড়িঘড়ি করে শনিবার বিকালে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটের সভায় আগামীকাল সোমবার (পহেলা জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বিকাল ৫টায় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে পহেলা জুন বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত হয়েছে।
আরেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, আবাসিক হলসমূহ খোলা হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষাও অনুষ্ঠিত হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পহেলা জুন বিশ্ববিদ্যালয়ের সব অফিসও খোলা হচ্ছে না। জরুরি প্রয়োজনে, যখন যাকে প্রশাসনের প্রয়োজন, তার সঙ্গে যোগাযোগ করে কাজ চালিয়ে নেওয়া হবে।
