হবিগঞ্জের যুবককে ভারতে পিটিয়ে হত্যা, পাঁচ দিন পর লাশ হস্তান্তর

আপডেট : ৩০ মে ২০২০, ২২:৫২

পিটিয়ে হত্যার পাঁচ দিন পর শুক্রবার রাতে বাংলাদেশি এক যুবকের লাশ মাধবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পুলিশ। নিহত লোকমান (২৮) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে। এর আগে বিজিবি-বিএসএফের তিন দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। লাশ হস্তান্তরের সময় উভয় দেশের সীমান্তরক্ষীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ ৫৫ বিজিবির সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ মে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই থানা এলাকায় অবৈধভাবে  প্রবেশ করেন লোকমান। এ সময় ওপারের  লোকজন তাকে গরু চোর সন্দেহে বেধড়ক পিটিয়ে রাস্তার পাশে জঙ্গলে ফেলে দেয়। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় ঐ দিন রাতেই লোকমানের মৃত্যু হয়। সিধাই থানার পুলিশ অপমৃত্যুর মামলা রুজু ও পোস্টমর্টেম সম্পন্ন করে। সেখানকার মেডিক্যাল রিপোর্টে আঘাতজনিত কারণে লোকমানের মৃত্যু হয়েছে নিশ্চিত হলে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে ২৯ মে ঐ থানায় মামলা হয়।

মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, গত বুধবার বাংলাদেশের মোহনপুর আলীশাহ মাজারের কাছে বিজিবি-বিএসএফ প্রথমে বৈঠকে বসেছিল। লোকমানের মৃত্যুর কারণ সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করায় লাশ গ্রহণ সম্ভব হয়নি। সর্বশেষ শুক্রবার রাতে ভারতীয় পুলিশ নিহতের করোনা নেগেটিভ ও পোস্টমর্টেম রিপোর্টসহ যাবতীয় কাগজপত্র মাধবপুর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। ঐ রাতেই মাধবপুর পুলিশ লোকমানের লাশ পরিবারের হাতে তুলে দেয়।