ল্যাটিন আমেরিকার দেশগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েছে ব্রাজিল। দেশটি সংক্রমণের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় পঞ্চম স্থানে চলে গেছে। ভারতও এক দিনের সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড গড়েছে। আর যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং মারা গেছে দেড় হাজারের বেশি। এদিকে বিশ্ব জুড়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে ডব্লিউএইচও এবং ৩৭ জাতির সমন্বয়ে একটি জোট গঠন করা হয়েছে।
ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ
ব্রাজিলে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। দেশটি এবার করোনা পজিটিভের সংখ্যা স্পেনকেও ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে। যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান। ব্রাজিলে মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ লাখ ৯৫ হাজার ৬৩৫ জন এবং প্রাণহানির সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫৮১। ব্রাজিলে মারা গেছে ২৭ হাজার ৯৪৪ জন।
বিশ্ব জুড়ে গতকাল পর্যন্ত আক্রান্ত ৬০ লাখ ৬৭ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫ শতাধিক মানুষের। করোনা মোকাবিলায় ডব্লিউএইচও ৩৭ দেশের সমন্বয়ে ‘কোভিড-১৯ টেকনোলজি অ্যাকসেস পুল’ গঠন করা হয়েছে। এই জোট করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি, পরীক্ষা, চিকিত্সা এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা নিয়ে কাজ করবে। চলতি বছর শেষ হওয়ার আগেই করোনার একটি ভ্যাকসিন বাজারজাত করার প্রস্তুতি নেয়ো হচ্ছে বলে জানিয়েছে বেইজিং। চীনের সরকারি সম্পদ তদারকি ও প্রশাসন কমিশন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ভারতে রেকর্ড
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৬৪ জন। এক দিনে এতসংখ্যক এর আগে সংক্রমিত হয়নি। এর জেরে মোট আক্রান্ত ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন। এক দিনে মৃত্যু হয়েছে ২৬৫ জনের যা ২৪ ঘণ্টায় প্রাণহানির নিরিখে রেকর্ড। কোভিডের কারণে ভারতে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৯৭১ জনের। এর ফলে দেশটিতে লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে ভারত। তবে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়া অন্যান্য স্থানে শপিংমল, রেস্টুরেন্ট এবং উপাসনালয় আগামী ৮ জুন থেকে খোলার অনুমতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে লকডাউন বাড়ানো হয়েছে আরো দুই সপ্তাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এখনো আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। -আলজাজিরা, রয়টার্স ও আনন্দবাজার পত্রিকা
