জি-৭ সম্মেলনে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান মার্কেলের

আপডেট : ৩১ মে ২০২০, ০০:২১

জি- সেভেনের সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার সরকারের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। জুনের শেষ দিকে সম্মেলনটি ভিডিও কনফারেন্সে আয়োজন হবে বলে এর আগে জানানো হয়েছিল। কিন্তু গত সপ্তাহে ট্রাম্প হঠাত্ ইঙ্গিত দেন, তিনি হোয়াইট হাউজে এই সম্মেলনের একটা অংশ আয়োজন করতে পারেন এবং বাকিটা ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত হতে পারে। এরপরই জার্মান সরকারের মুখপাত্র বলেছেন, মহামারির সার্বিক পরিস্থিতিতে তিনি (মার্কেল) ওয়াশিংটনে সশরীরে ভ্রমণ করতে পারবেন না। আমন্ত্রণের জন্য চ্যান্সেলর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। জি সেভেন জোটের সদস্য দেশগুলো হচ্ছে-যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এ পর্যন্ত করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। -রয়টার্স