সারাদেশে ১৩৪টি আরবান প্রাইমারি হেলথ সেন্টার বা নগর স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংশ্লিষ্ট সুবিধা বাড়াতে অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এজন্য সংস্থাটির বোর্ড সভা ২ লাখ ৩১ হাজার ১৭৮ ডলার বা ১ কোটি ৯৬ লাখ টাকা অনুদান অনুমোদন করেছে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এডিবির সহায়তায় ৯টি সিটি করপোরেশন ও চারটি পৌরসভায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্প চলমান রয়েছে। এই কেন্দ্রগুলোতে করোনা ভাইরাস সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবার মান বাড়াতে এই অনুদান ব্যবহার করা হবে। এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেছেন, এই স্বাস্থ্যকেন্দ্রগুলো হবে মডেল। কারণ এগুলোতে কোভিড ও নন-কোভিড উভয় ধরনের স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা থাকবে। ফলে প্রায় ৮০ লাখ মানুষ এতে উপকৃত হবে। তাছাড়া সচেতনতা বাড়ানোর জন্য কর্মসূচি থাকবে। চলমান প্রকল্পটিতে ডাক্তার-নার্সসহ ২ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মীকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং প্রশিক্ষণ দেওয়া হবে।
