এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়াকে গুলি ও আটকে রেখে নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ চায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি। একই সঙ্গে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। এ ধরনের অনভিপ্রেত ঘটনা দেশে ও বিদেশে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করে গতকাল শনিবার গণমাধ্যমের কাছে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি।
এবিবির বিবৃতিতে বলা হয়, ব্যাংক খাতে সুষ্ঠু ও পেশাদার কাজের পরিবেশ বজায় রাখার স্বার্থে এবিবি যে কোনো বেআইনি কার্যকলাপ প্রতিরোধে সংশ্লিষ্ট সব মহলের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে। এতে আরো বলা হয়, ‘গত ২৬ মে বিভিন্ন গণমাধ্যমে এক্সিম ব্যাংকের এমডিকে গুলি ও নির্যাতনের ঘটনায় প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনায় এবিবি গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে এই অভিযোগের পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রত্যাশা করছে।’
এক্সিম ব্যাংকের পক্ষ থেকে গুলশান থানায় করা মামলার সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেন সিকদার গ্রুপের দুই পরিচালক। তারা এই দুই কর্মকর্তাকে বনানীর একটি বাসায় জোর করে আটক রেখে নির্যাতন করেন এবং সাদা কাগজে সই নেন। এ ঘটনায় আসামি করা হয়েছে জয়নুল হক সিকদারের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে। মামলার পর করোনা পরিস্থিতির মধ্যেই সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে সটকে পড়েছেন অভিযুক্ত দুই ভাই।
