জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেছেন, করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করে লকডাউন প্রশ্নে সরকারের সিদ্ধান্ত অসংখ্য প্রাণ বলিদানের নামান্তর। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জেএসডি নেতৃদ্বয় বলেন, কমিটি বলেছে পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা হলো রোগ সংক্রমণের হার সুনির্দিষ্টভাবে কমার আগে স্বাভাবিক জীবনযাত্রা চালু করলে রোগের হার বাড়ার আশঙ্কা থাকে।
তারা বলেন, আমাদের দেশে সরকার গঠিত তদন্ত কমিটি, পরামর্শক কমিটিসহ সকল কমিটি সুপারিশ দেওয়ার আগে সরকারের মুখের দিকে চেয়ে থাকে। সামপ্রতিককালে সরকার প্রধানের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সভাগুলোতে সরকারকে সন্তুষ্ট করার অন্তহীন প্রতিযোগিতায় লিপ্ত থাকার দৃশ্য দেশবাসী দেখেছে। কিন্তু কমিটির সুপারিশ ছিল অভিনন্দনযোগ্য। এছাড়া এবারের করোনা মহামারিতে দেশবাসীর জীবন সুরক্ষায় চিকিত্সদের ভূমিকা রাজনীতিতে এক নতুন দিগন্তের উন্মেষ ঘটিয়েছে।
জেএসডি নেতৃদ্বয় আরো বলেন, কোভিড-১৯ এর টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মারাত্মক সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। চিকিত্সার ক্ষেত্র ছাড়াও জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এবং অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও পেশাজীবীদের ভূমিকা অনিবার্য হয়ে উঠেছে। তাই এখন পেশাজীবীদের অংশগ্রহণমূলক রাষ্ট্রীয় শাসন কাঠামো প্রবর্তন করা জাতীয় কর্তব্যে পরিণত হয়েছে। এ প্রশ্নে এখনই উদ্যোগ নেওয়া জরুরি।
