রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও ১০ জনসহ একই দিনে আরও ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এদের মধ্যে পুলিশ, আনসারসহ বিটিভির এক কর্মকর্তা রয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুরে ওই ১০ জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরাদের হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকবৃন্দ ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তালি দিয়ে বিদায় জানানো হয়। ছাড়পত্র প্রাপ্তরা হলেন- আনসার সদস্য হজরত আলী, মাজেদুল ইসলাম, সাইফুর রহমান, সাইফুল ইসলাম , পুলিশ সদস্য হাবিবুর রহমান, ইসতিয়াক, সামসুজ্জোহা, বকুল রানা, নেছার আহমেদ এবং বিটিভির কর্মকর্তা আতিকুর রহমান।
আরও পড়ুনঃ লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির মরদেহ মিজদাহ শহরে দাফন
এছাড়াও জেলার পীরগঞ্জের খালাসপীর ১০ শয্যা মা ও শিশু হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে নিজ বাড়ি ফিরেন মফিজুল ইসলাম। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এসব রোগীর শরীরে বর্তমানে কোভিড-১৯ এর উপসর্গ নেই। তাদের পরপর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ পাওয়া গেছে। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৬৫ জন। বর্তমানে হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সর্বশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে (২৯ মে পর্যন্ত) করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪শ ৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়ি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১শ ৪৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে রংপুর জেলায় মারা গেছেন ৮ জন।
ইত্তেফাক/এমএএম
