ঝিনাইদহে পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার, মা আটক

আপডেট : ৩১ মে ২০২০, ১৭:৫৬

ঝিনাইদহে একটি পুকুর থেকে ভাই আবু সালেহ মাহি (৫) ও বোন সাফিয়া খাতুনের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের জামতলাপাড়ার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের মা মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মনিরা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সকালে মনিরা বেগম ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসল শেষে মনিরা বেগম বাড়িতে ফিরে আসে। প্রতিবেশী এক নারীর কাছে গ্লাস পানি খেতে চান।

প্রতিবেশী সুফিয়া খাতুন জানান, মনিরা খাতুন তাকে বলে, আগের সন্তানদের মানুষ করতে কষ্ট হয়নি। এ দুটোর মানুষ করতে কষ্ট হচ্ছে। তাই ওদের পানিতে ফেলে দিয়েছি। পরে তাকে সঙ্গে নিয়ে পুকুরে যায় প্রতিবেশীরা।  অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন : লক্ষ্মীপুরে আরও ২৪ জন করোনা আক্রান্ত

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা মনিরা বেগমকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ অফিসার এমদাদ। তিনি জানান, এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা সঠিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে।

ইত্তেফাক/ইউবি