এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে ইতোমধ্যে ঘোষণা দিলেও মনোনয়ন ফরম তুলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এই মনোনয়ম ফরম তোলার কারণ ব্যাখ্য করে তিনি বলেন, আমি নমিনেশন পেপার জমা দিয়েছি ‘ডামি’ প্রার্থী হিসেবে। প্রতিদ্বন্দ্বিতা করবো না। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিডিবিএল থেকে বিও অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি হস্তান্তর উপলক্ষে সচিবালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, আমি যা করছি, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই করছি। রাজনীতিকদেরও অবসরে যাওয়ার উচিত মন্তব্য করে তিনি বলেন, আমাদের দেশে কেউ অবসরে যেতে চান না। সব পেশা থেকেই অবসরে যাওয়া উচিত। আমি এই রীতি চালু করতে চাই।
আগামী নির্বাচনে নিজের বদলে তার ভাই জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আবুল মোমেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যে একাধিকবার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী।
সব দল নির্বাচনে আসার সিদ্ধান্তকে ‘রাজনৈতিক সফলতা’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক সাফল্যের প্রভাব অর্থনীতি, উন্নয়ন সবকিছুতেই থাকে। খুব ভালো রাজনৈতিক পরিস্থিতিতে আছি। সবাই নির্বাচনে অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বিতবিহীন নির্বাচিত হওয়ার মধ্যে কোনো সুখ নেই।
গত ১০ বছরে সরকারের সফলতা ও ব্যর্থতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারের সফলতা অসাধারণ। আমিও এর অংশ। তবে একই সঙ্গে ব্যাংকিং খাতে কিছু অসুবিধা রয়েছে স্বীকার করে তিনি বলেন, চলতি মাসের মধ্যে এ খাতের জন্য একটি পথনকশা দিয়ে যাবো।
এ সময় বিএসইসি চেয়ারম্যান খায়রুল হক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল হক প্রমুখ বক্তব্য দেন।
