লক্ষ্মীপুরের রামগতিতে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকসহ নতুন করে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র নিশ্চিত করে জানান, রবিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ৩০ বছর বয়সী যুবক উপজেলার বড়খেরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে জ্বর-সর্দিতে আক্রান্ত হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। অপরজন ৩২ বছর বয়সী যুবক রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রাম এলাকার বাসিন্দা ও আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী। তিনি গত ৩-৪ দিন ধরে নিজ বাড়িতে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, আক্রান্তদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, নতুন আক্রান্ত এ দুইজন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এর আগে এক ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, দুইজন স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে ছয়জন সুস্থ হয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
