বরিশালে ইউপি চেয়ারম্যান হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২৩:০১

উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিত্ হালদার নান্টুকে হত্যার ভাড়াটিয়া খুনি রবিউল আলম (৩৫) গত সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত রবিউল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামের লাল চাঁন মিয়ার পুত্র।

গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে মাদারীপুর সদর থেকে রবিউলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন গভীর রাতে থানা পুলিশ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় গ্রামের ফুলতলা নামক এলাকার অস্ত্র উদ্ধারের অভিযান চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গুলি বিনিময়ে রবিউল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

বান্দরবানে রোয়াংছড়িতে

বন্দুকযুদ্ধে যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের রোয়াংছড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে চাঁদাবাজ সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে ক্যচিং অং মারমা (১৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ঘেরাও ভিতর পাড়া এলাকায় সশস্ত্র চাঁদাবাজ সন্ত্রাসীরা অবস্থানের খবর পেয়ে রোয়াংছড়ি আর্মি ক্যাম্প থেকে নিরাপত্তা বাহিনীর (সেনাবাহিনী) ২০ জনের একটি টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়। এ সময় দু’পক্ষের গোলাগুলিতে অং মারমার বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে অং মারমার মৃত্যু হয়।