বিনোদন ডেস্ক
বলিউডে শোকের ছায়া। গতকাল ভোর রাতে হঠাত্ চলে গেলেন প্রখ্যাত সংগীত পরিচালক ওয়াজিদ খান। কিছুদিন আগেই সালমান খানের দুটি গান ‘পেয়ার কারোনা’ ও ‘ভাই ভাই’-এর সংগীত পরিচালনা করেছিলেন সাজিদ-ওয়াজিদ জুটি।
ওয়াজিদ খানের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আরও এক বিখ্যাত মিউজিক কম্পোজার সলিম মার্চেন্ট। তিনি লেখেন, ‘আমার ভাই ওয়াজিদের এমন আচমকা মৃত্যুতে আমি শোকস্তব্ধ। আল্লাহ তার পরিবারকে এই দুঃসময়ে লড়াই করার শক্তি দিন। সাবধানে যেও ভাই, বড্ড তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জন্য এক বড় ক্ষতি হয়ে গেল। ভেঙে পড়েছি।’
৪২ বছরের ওয়াজিদের বেশকিছু শারীরিক সমস্যা ছিল। কিছুদিন আগেই তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। সম্প্রতি জানতে পারেন কিডনিতে সংক্রমণ হয়েছে। গত ৪ দিন তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দ্রুত অবস্থার অবনতি ঘটে।
ওয়াজিদের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তারকারা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে সালমান খানের ছবি পেয়ার কিয়া তো ডারনা কেয়া দিয়ে বলিউডে সফর শুরু হয় সাজিদ-ওয়াজিদ জুটির। এরপর সালমান অভিনীত বহু ছবিরই সংগীত পরিচালনা করেন তারা।
