এই সময়ের ছড়া
মাহমুদউল্লাহ
ও করোনা, তুই কেয়ামত, অশুভ-দুর্মতি,
দুনিয়াটাকে চিবিয়ে খাস, পাষণ্ড তুই অতি।
তোর দাপটে ক্ষয়ক্ষতিটা যাচ্ছে কেবল বেড়ে,
দেখতে দেখতে লাখো জীবন তুই নিয়েছিস কেড়ে।
তুই হলি এক পশুশক্তি, উগ্র-অন্ধ-বধির,
তোর মতো কে বিবেকশূন্য? তুই অশান্ত-অধীর।
তুই হলি এক আততায়ী গোপনে দিস হানা,
বোঝার আগেই অবলীলায় কাড়িস জীবনখানা।
হাসপাতালে চিকিত্সাটা নয়তো মোটে শখের,
তোর কারণে প্রাণ গিয়েছে সেবক-চিকিত্সকের।
সাংবাদিক ও পুলিশ ভায়ের প্রাণ অকালে ঝরে,
বুক ভেঙে যায়, আহাজারি শুনি তাদের ঘরে।
সহসা তুই চলে যাবি তেমনটা দেখছি নে,
মন দিয়ে শোন, করব তোকে শায়েস্তা ভ্যাকসিনে।
এই কেয়ামত দূর হয়ে যাক, নতুন সমাজ গড়ব,
সেই মানবিক সমাজ গড়তে আমরা সবাই লড়ব।
ভোটের বুথে দেখবে না ভূত আর কোনোদিন লোকে
পাচার-লোপাট শব্দগুলো দেখবে না কেউ চোখে।
লোকে বলবে, ওসব শব্দ শুনেছি এক কালে,
কারচুপি কী—ওসব ব্যাপার বোঝে না কেউ হালে।
