রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান

আপডেট : ০১ জুন ২০২০, ১৯:৫৭

l ফয়জুল আল আমীন

 

মহামারি করোনা ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ব্যক্তির সংখ্যা এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাদের দেশের পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। এ অবস্থায় আমাদের উচিত প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং এ জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কিছু কার্যকর উপায় নিচে আলোচনা করা হলো।

খাদ্যভ্যাসে পরিবর্তন আনুন :সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। প্রচুর শাকসবজি ও ফলমূল খান। ফলের রসের পরিবর্তে গোটা ফল চিবিয়ে খেলে ভালো। এতে পুষ্টির সাথে ফাইবারও পাওয়া যাবে। দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, ৮ থেকে ১০ গ্লাস। ফাস্টফুড, তেল-চর্বি ও মসলা জাতীয় খাবার যতটুকু সম্ভব পরিহার করুন।

মনে রাখবেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া একেক খাবারের রয়েছে একেক গুণ। এমন কিছু খাবার আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেমন—ভিটামিন ই ও ভিটামিন সি জাতীয় সবজিগুলোতে আছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে। প্রতিদিনের খাবারে টমেটো, লেবু, নারকেল, পেয়ারা, কালোজামের মতো খাবার রাখুন। গাজর ও মিষ্টি আলুতে থাকা বিটা-ক্যারোটিন মানুষের শরীরে ঢুকে হয়ে যায় ভিটামিন এ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। বাসায় তৈরি করা চিকেন স্যুপ মানুষের শরীরের জন্য খুব উপকারী। এতে থাকে কারনোসিন নামের একটি রাসায়নিক পদার্থ। এটি ভাইরাসজনিত জ্বরের সংক্রমণ থেকে মানুষের শরীরকে বাঁচাতে ভূমিকা রাখে। কাঁচা রসুন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আদা অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উত্স। আর ফলমূল বা সবজি থেকে পাওয়া অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে কাজও করে দ্রুত। তরমুজে থাকে গ্লুটাথায়োন নামের অ্যান্টি-অক্সিডেন্ট। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওমেগা-৩ ও ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার যেমন—মাছ ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে। সপ্তাহে অন্তত ৩-৪ দিন মাছ খান। দুধ ও দই রোগ প্রতিরোধে সাহায্য করে। দিনে অন্তত ১০০ গ্রাম দই অথবা ১ কাপ দুধ খাবার চেষ্টা করুন। সারাদিনে ১ কাপ গাজরের জুস খেতে পারলে বেশ উপকার পাবেন। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, যা খুবই শক্তিশালী একটি অ্যান্টি-অক্সিডেন্ট।

মানসিক চাপমুক্ত থাকুন :অতিরিক্ত মানসিক চাপে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। তাই মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। পরিবারের অন্য সদস্যদের সাথে ভালো সময় কাটান, গান শুনুন, বই পড়ুন, মুভি দেখুন বা নতুন কিছু শিখতে মনোনিবেশ করুন।

শরীরচর্চা করুন :শরীরকে সুস্থ রাখতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরচর্চা অপরিহার্য। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যখন আমরা সবাই ঘরে অবস্থান করছি।

ধূমপান ও মদ্যপান পরিহার করুন :বিশেষ করে ধূমপান, সরাসরি আপনার শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। যেহেতু করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের রোগ, এতে সংক্রমের আশঙ্কা বেড়ে যায় তাই ধূমপান বাদ দিন।

ওজন নিয়ন্ত্রণে রাখুন :শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই।

পর্যাপ্ত ঘুমাতে হবে :অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা করে ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই জরুরি।

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন :করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে চাইলে নিজের ও আশপাশের পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর পর হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহার্য জিনিপত্র জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার করে নিন। দরজার হাতল, সুইচ, লিফটের বাটন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখুন ও মাস্ক ব্যবহার করুন।