ভিনদেশি স্বাদে

আপডেট : ০১ জুন ২০২০, ১৯:৫৮

করোনার এই সময়ে পরিবারের সদস্যদের জন্য খাবারের স্বাদে ভিন্নতা আনতে আপনি ভিনদেশি কয়েকটি রেসিপি তৈরি করতে পারেন। বিকেলের নাস্তায় এই খাবারগুলো বেশ উপযোগী। রেসিপিগুলো দিয়েছেন তাসনুভা নওরিন

আফ্রিকান ডোনাট মান্দাজি

 

উপকরণ :ময়দা ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১/৪ চা চামচ, ইস্ট ১ চা চামচ, দারুচিনির গুঁড়া ১/৪ চা চামচ, লিকুইড দুধ পরিমাণমতো, ডিম ১টি, তেল/বাটার ১ টেবিল চামচ।

প্রণালি :সবকিছু একসঙ্গে মিশিয়ে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে একটা নরম ডো বানিয়ে রেখে দিন ৩০/৩৫ মিনিট সময়। ৩০ মিনিট পর রুটি বেলে ছুরি দিয়ে ডায়মন্ড সেইপ/চারকোণা— যেভাবে ইচ্ছে কেটে কেটে সাইজ করে নিন। চুলায় তেল এমন গরম থাকবে যেখানে আপনি আঙুল ডোবাতে পারবেন ঠিক তখনি এই রুটিগুলো দিবেন। আস্তে আস্তে ফুলে ফুলে উপরে উঠে আসবে তখন নেড়েছেড়ে দু’পাশ বাদামি করে ভেজে তুলে পছন্দের ক্রিম/নসিলা/হানি/ আইসিং সুগার দিয়ে পরিবেশন করুন।

লেবানিজ কাতাইফ

 

প্যান কেকের উপকরণ :ময়দা ১/২ কাপ, সুজি ১/২ কাপ, ইস্ট ১/২ চা চামচ, বেকিং পাউডার ১/৪ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১/৮ চা চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি :ময়দা আর সুজির সাথে সব মিশিয়ে পানি দিয়ে প্যান কেকের ব্যাটার বানিয়ে রেখে দিন ২০-৩০ মিনিট। এবার ভালোমতো ফেটে নিন। নন স্টিক প্যান গরম করে প্যান কেকের ব্যাটার দিয়ে প্যান কেক বানিয়ে নিন। প্যান কেকের উপর বুদ বুদ ছিদ্র হবে। এই প্যান কেকের অপর পাশ উল্টানোর প্রয়োজন নেই, নামিয়ে একপাশ ধরে কোণের মতো চেপে সেইপ বানিয়ে নিন।

ক্রিমের জন্য :লিকুইড দুধ ১ কাপ, কর্ন ফ্লাওয়ার ২-৩ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ বা স্বাদমতো।

প্রণালি :দুধের সাথে চিনি, কর্ন ফ্লাওয়ার মিশিয়ে চুলায় বসিয়ে দিন। ঘন হয়ে আসলে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে প্যান কেকের ভিতর ক্রিম দিয়ে উপরে পেস্তাবাদামে সাজিয়ে নিন।

নোট :ব্যাটার যদি কিছুক্ষণ রাখার পর বেশি ঘন মনে হয় সামান্য পানি দিয়ে আবার পাতলা করে নিবেন।

এরাবিয়ান শর্মা

 

পিটা ব্রেডের জন্য প্রয়োজনীয় উপকরণ :ময়দা ২ কাপ, ইস্ট ২ চা চামচ, লবণ ১/২ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, গুঁড়া দুুধ ১ টেবিল চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো।

প্রণালি :ময়দার সাথে সব মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে সফট ডো বানিয়ে ঢেকে রেখে দিন ১ ঘণ্টা। ১ ঘণ্টা পর ছোট ছোট রুটি বানিয়ে ঢেকে রেখে দিন।

শর্মার চিকেন মেরিনেটে প্রয়োজনীয় উপকরণ :চিকেন ব্রেস্ট বড় ২ পিস, আদা রসুন পেস্ট ১/৪ চা চামচ করে, লবণ স্বাদমতো, টকদই ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া/পাপড়িকা পাউডার সামান্য পরিমাণে, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, হলুদ গুঁড়া চিমটি পরিমাণ, ধনে গুঁড়া ১/৪ চা চামচ, জিরা গুঁড়া ১/৪ চা চামচ, অরেগেনো সামান্য, লেবুর রস সামান্য, তেল ১-২ টেবিল চামচ।

প্রণালি :চিকেন ব্রেস্টের সাথে সবকিছু দিয়ে মিশিয়ে মেরিনেট করে রাখুন ২০-২৫ মিনিট। এবার তেলে হালকা পোড়া পোড়া করে ভেজে নিন। ঠান্ডা হলে চিকেন ব্রেস্ট ছোট ছোট টুকরা করে নিন।

শর্মার সসের জন্য প্রয়োজনীয় উপকরণ :টক দই ৩ টেবিল চামচ, মেয়োনিজ ৩ টেবিল চামচ, গার্লিক সস ১ টেবিল চামচ ও টমেটো সস ২ টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে নিলেই শর্মার সস রেডি।

এসেম্বলিং :প্রথমে রুটির উপর সস দিন, তার উপর চিকেনের টুকরা দিন। এবার এসবের সাথে কিছু পছন্দমতো সবজি এবং শসার পিকেল, ফ্রেঞ্চফাই দিয়ে উপরে আবার সামান্য সস দিয়ে মুড়িয়ে নিলেই শর্মা রেডি।