স্পোর্টস ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার ইতিহাস বহু পুরোনো। এশিয়ার এ ?দুই প্রতিবেশী দেশ ২০১২-১৩ মৌসুমের পর থেকে আর কোনো দিপাক্ষিক সিরিজ খেলেনি।
ইতিমধ্যে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার করোনায় দুস্থদের সহযোগিতায় ফান্ড গঠনের জন্য ভারত-পাকিস্তান দিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছেন। যদিও ভারতের সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কপিল দেব এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এই ইস্যু নিয়ে এখন সরব ক্রিকেট বিশ্ব। সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ বলেন, ‘ভারত যদি তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর (পাকিস্তান) বিপক্ষে না খেলে তবে খেলবে কার সঙ্গে। তারা পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের সিরিজ খেলতে পারে ডিসেম্বরে বড়দিনের সময়টাতে। দুটি টেস্ট ভারতে, দুটি পাকিস্তানে। আমরা দীর্ঘদিন ভারত-পাকিস্তান সিরিজ দেখি না এবং সমর্থকরাও এটা প্রত্যাশা করে।’
ব্র্যাড হগের সঙ্গে সুর মেলালেন সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়ার। তার সাফ কথা, ‘আমি মনে করি, ভারত-পাকিস্তান—এই দুই দেশের মধ্যে ক্রিকেট শুরু হোক। রাজনৈতিক যে টেনশন আছে, সেটা দু’দেশের সরকারকে কথা বলে মেটাতে হবে। যাতে ক্রিকেট চালু হতে পারে।’
ভারতের বিপক্ষে খেলতে মরিয়া পাকিস্তানের তরুণ প্রজন্ম। তরুণ পেসার নাসির শাহ বললেন, ভারতের বিপক্ষে খেলতে চান তিনি; ‘ভারত বনাম পাকিস্তান সবসময়ই স্পেশাল। আমি যতটুকু শুনেছি, এই ম্যাচগুলো একজন খেলোয়াড়কে নায়ক বানাতে পারে, আবার পারে ভিলেন বানাতেও। এগুলো খুব স্পেশাল ম্যাচ, যেহেতু তেমন একটা দেখা যায় না। আর হ্যাঁ, আমি তো অবশ্যই সুযোগ পেলে ভারতের বিপক্ষে খেলতে চাই।’
মাত্র চার টেস্টে খেলেই দারুণ সব অর্জনও হয়েছে তরুণ পেসারের। ১৭ বছর বয়সি এই তারকা নিয়মিত ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেন, এরই মধ্যে হ্যাটট্রিকও করে ফেলেন। এত কম বয়সে আর কোনো পেসারেরই হ্যাটট্রিকের কীর্তি নেই। আত্মবিশ্বাসেও টইটম্বুর। বলেছেন সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে শ্রদ্ধা করেন ঠিকই তবে ভয় পান না তিনি।
নাসিম বলেন, ‘বিরাট কোহলির ব্যাপারে বলব, আমি তাকে শ্রদ্ধা করি। তবে ভয় করি না। সেরা ব্যাটসম্যানকে বল করা সবসময়ই চ্যালেঞ্জিং, কিন্তু সেটা করেই আপনি খেলায় উন্নতি আনতে পারেন। আমি কোহলি এবং ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছি যখনই সুযোগ আসুক।’
