বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার (৬৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম এ গ্রামের মৃত মকবুল হোসেন সরকারের ছেলে। তিনি সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, দুপুরে বাজার নিয়ে বাড়ির সামনে এসে পার্শ্ব সড়কে নামার সময় নাটোরগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকাল ৩টার দিকে তিনি মারা যান।
