ব্যাপক সংক্রমণের মধ্যেই মস্কোয় লকডাউন শিথিল

আপডেট : ০১ জুন ২০২০, ২১:০৫

এএফপি

রাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক সংক্রমণ সত্ত্বেও করোনা ভাইরাস মোকাবিলায় নেওয়া কঠোর পদক্ষেপসমূহ শিথিল করা হয়েছে। সোমবার খুলে দেওয়া হচ্ছে শপিংমল ও পার্কসমূহ। করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে রাশিয়া তৃতীয় অবস্থানে রয়েছে।

করোনায় সংক্রমণের সর্বোচ্চ চূড়া পার হয়েছে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেওয়ার পর এক কোটি ২০ লাখ লোকের শহর মস্কোয় নিষেধাজ্ঞাসমূহ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়। এর আগে মস্কোয় গত ৩০ মার্চ লকডাউন ঘোষণা করা হয়। এ সময়ে অনুমতি নিয়ে কেবল জরুরি কাজে বাইরে যেতে পারত শহরবাসী। এখন লোকজনের চলাফেরা নিয়মিত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে লকডাউন শিথিলের উদ্যোগ প্রসঙ্গে মস্কোর মেয়র সার্গেই সবিয়ানিন বলেন, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত হাঁটার অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্য সপ্তাহে তিনবারের বেশি কেউ এ সুযোগ পাবে না। তবে অবশ্যই তাদের মাস্ক পরতে হবে। এদিকে মস্কো কর্তৃপক্ষ বলেছে, আগামী ১৪ জুন পর্যন্ত শহরে বড়ো ধরনের কোনো জমায়েত করা যাবে না।

লকডাউন শিথিল করতে সরকারের এসব সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লোকজন নানা হাস্য-রসাত্মক কৌতুকের মাধ্যমে সরকারের নেওয়া এসব সিদ্ধান্তের সমালোচনা করছে। তারা করোনার সংক্রমণ তীব্র থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা শিথিলের এ উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছে।

এদিকে রবিবা রাশিয়ায় নতুন করে আরো ৯ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার এবং মারা গেছে ৪ হাজার ৬০০ জন। করোনা সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রাশিয়ার অবস্থান। তবু দেশটির ৬৭ বছর বয়সি নেতা পুতিন অর্থনীতি সচলের উদ্যোগ নিচ্ছেন। এমনকি তিনি সাংবিধানিক সংস্কার বিষয়ে ভোটাভুটির তারিখও ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। এ সংস্কারের মধ্য দিয়ে ২০৩৬ সাল নাগাদ পুতিনের ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হবে।