প্রণোদনা চায় শিপইয়ার্ড মালিকরা

আপডেট : ০১ জুন ২০২০, ২১:০৮

মীর মো. দিদারুল হোসেন টুটুল, সীতাকুন্ড সংবাদদাতা

শিপইয়ার্ড মালিকরা প্রণোদনা দাবি করেছে সরকারের কাছে। করোনার প্রভাবে অন্যান্য খাতের মতো তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে বলেন, সংকটকালীন সময়ে ব্যাংকগুলোর কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না। প্রণোদনা না পেলে শিপইয়ার্ডগুলো বন্ধ হয়ে যাবে এবং লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে।

শিপইয়ার্ড মালিকরা জানান, সরকার শিল্পখাত যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হওয়া শিপইয়ার্ড মালিকরা এক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে কোনো সাড়া-শব্দ পাচ্ছে না বিধায় দুঃশ্চিন্তায় রয়েছে।

তার ওপর আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্ক্র্যাপ লোহার চাহিদা না থাকায় প্রতি টন স্ক্র্যাপ লোহার দাম ১২০ ডলার কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। সীতাকুন্ডসহ সারাদেশ লকডাউনের কবলে পড়ায় রিরোলিং মিল কারখানা বন্ধ। এতে করে শিপইয়ার্ডে স্ক্র্যাপ লোহা বিক্রি বন্ধ হলেও ব্যাংকগুলো সুদ নেওয়া বন্ধ করেনি। শিপইয়ার্ডের শ্রমিকদের বেতন দেওয়া, গ্যাসের মিনিমাম চার্জ, বিদ্যুত্ বিলের মিনিমাম চার্জ এবং ব্যাংক ঋণের সুদ বহন করতে হয়। কারখানার আয় চলমান না থাকলে যে কারো পক্ষে ঐ খাতসমূহে ব্যয় করা খুবই কঠিন। তাই সবকিছু মিলিয়ে সীতাকুন্ডের শিপইয়ার্ড মালিকরাসহ অন্য ব্যবসায়ীরা বড়ো ধরনের আর্থিক ক্ষতি ও সংকটের মুখে পড়বে। তাই এ সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের জন্য শিপ স্ক্র্যাপ লোহা ব্যবসায়ীরাসহ অন্যান্য রিরোলিং মিল মালিক ও শিপইয়ার্ড মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় জরুরি ভিত্তিতে অর্থছাড়ের দাবি জানান তারা। নতুনভাবে স্ক্র্যাপ জাহাজ আমদানি করতে না পারলে সব শ্রেণির ব্যবসায়ীরা ঋণ খেলাপি হয়ে যাবে এবং এ শিল্পে কর্মরত লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে। আর এতে করে সামাজিক অস্থিরতাও বেড়ে যাবে। এদিকে এসএল শিপইয়ার্ড মালিক আলহাজ লোকমান মিয়া জানান, সরকার তড়িতভাবে আমাদের প্রণোদনা না দিলে লাখ লাখ লোক বেকার হয়ে যাবে। এমনকি এলাকায় বেকারত্বের কারণে চুরি-ডাকাতি ও রাহাজানি বেড়ে যাবে।

এ ব্যাপারে বাংলাদেশ শিপ ব্রেকার্স রি-সাইক্লিন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তাহের বর্তমান স্ক্র্যাপ শিপ ব্যবসায়ী মালিকদের দৈন্যদশার কথা স্বীকার করে বলেন, সরকার ঘোষিত আর্থিক প্রণোদনাসমূহ বাস্তব অবস্থার নিরিখে বণ্টনপূর্বক স্ক্র্যাপ শিপ ব্যবসায়ীদের সফলভাবে ব্যবসা পরিচালনার সুযোগ প্রদান অত্যন্ত জরুরি।