করোনা পরিস্থিতি
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে লভ্যাংশে সংশোধনী এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক। আগের ঘোষিত লভ্যাংশ স্থগিত করে এখন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ ও ২৩ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ হিসেবে ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ৭০ টাকা এবং ২৩টি সাধারণ শেয়ার পাবেন।
কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর লভ্যাংশের সীমা বেঁধে দেওয়া হয়।
নতুন ঘোষিত এ লভ্যাংশ আগামী ২৫ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। সমাপ্ত হিসাব বছরে সাবসিডিয়ারিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৪ টাকা ৫৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সা।
মহামারি করোনা ভাইরাসের প্রেক্ষিতে গত মাসে ব্যাংকের লভ্যাংশের সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য কোনো ব্যাংকই ১৫ শতাংশের বেশি নগদ এবং নগদ ও বোনাস শেয়ার মিলিয়ে ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সীমার অতিরিক্ত লভ্যাংশ ঘোষণা করায় এনসিসি ব্যাংকের লভ্যাংশ স্থগিত করা হলেও ইস্টার্ন ব্যাংকের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
