চট্টগ্রাম বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু

আপডেট : ০১ জুন ২০২০, ২১:৪৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রাম আসে। এটি পরে ৩৭ জন যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করে নভোএয়ারের একটি ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, করোনা প্রতিরোধে দীর্ঘ দুই মাসের বেশি সময় পর আজ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। আজ ১১টি ফ্লাইট আসার শিডিউল থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ইউএস বাংলার ছয়টি এবং নভোএয়ারের তিনটি ফ্লাইটের শিডিউল রয়েছে। তিনি জানান, যাত্রীসহ বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে রয়েছে কঠোর নজরদারিও।