যথাযোগ্য মর্যাদায় তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০১ জুন ২০২০, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সাংবাদিকতা জগতের পথিকৃত্ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মিলাদ মাহফিল, তার মাজারে কোরআনখানি, দোয়া ও মোনাজাত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকেই আজিমপুর কবরস্থানে তার মাজারে কোরআনখানির আয়োজন করা হয়। এ সময় তার  পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেই সঙ্গে তার সন্তানদের পক্ষ থেকে পৃথক কোরআনখানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মানিক মিয়ার স্মরণে গতকাল তার কনিষ্ঠ পুত্র সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে এতিমখানায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আক্তারুন্নাহার বেবীর পরিবারের পক্ষ থেকে এতিমখানায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়।

এদিকে আজিমপুরে মানিক মিয়ার মাজারে গতকাল সকালে তার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তার নাতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওনসহ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মোনাজাত শেষে দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এর আগে সকাল থেকেই তার মাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেস ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন খান, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর, ইত্তেফাকের সিনিয়র এক্সিকিউটিভ শহীদ হোসেন খান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।