গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০১ জুন ২০২০, ২১:৫০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক (২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল সোমবার কাশিমপুরের তেঁতুই বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টেকনাফ থেকে মাদকের একটি বড়ো চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেঁতুইবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে একটি ট্রাককে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। ট্রাকটি চেকপোস্টে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঐ ট্রাকের পিছু নিলে ট্রাক থেকে আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পালটা গুলি ছুড়লে ট্রাক ফেলে কয়েকজন পালিয়ে যান এবং এক জন নিহত হন। নিহত ব্যক্তি কক্সবাজারের মাদক ব্যবসায়ী নুরুল হক বলে নিশ্চিত হওয়া গেছে। গোলাগুলিতে র্যাবের এক সদস্য আহত হয়েছেন।