করোনা ভাইরাসে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ (পাঁচ লাখের বেশি মানুষ) আক্রান্ত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। প্রতিদিন সেখানে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। মজার বিষয়—এরমধ্যেও জীবনকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা। এই পরিস্থিতিতেও বিয়ে করছেন কেউ কেউ। তবে এই বিয়ে হচ্ছে একেভারেই ভিন্ন এক কৌশলে; সামাজিক দূরত্ব মেনেই।
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কিছু যুগল ঘরের বাইরেই বিয়ের অনুষ্ঠান সারার জন্য এক অভিনব ব্যবস্থা করেন। তাদের জন্য রিওর একটি ড্রাইভ-থ্রু কমপ্লেক্সে বিয়ের আয়োজন করা হয়। সেখানে গাড়ির মধ্যে বসেই বিয়ের কাজ সেরেছেন ১৫ যুগল। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, বৃহস্পতিবার এই বিয়ের অনুষ্ঠান হয়। আংটি বিনিময় আর শপথের মধ্যেই সীমাবদ্ধ ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। ৫ মিনিটের মধ্যেই শেষ হয় বিয়ের পর্ব।—আনন্দবাজার
