জলঢাকায় করোনায় আরও ১ জনের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২০, ২৩:১৬

নীলফামারীর জলঢাকায় প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই এলাকায় নিজ বাড়ীতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যু ওই বৃদ্ধের বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার সকাল ১১টায় স্বাস্থ্য বিধি মেনে জলঢাকা থানাপুলিশের সহযোগিতায় বৃদ্ধের জানাজা সম্পন্ন হয়েছে। এ নিয়ে ওই ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবীর জানান, করোনায় আক্রান্ত ব্যক্তির পরিবারে ৭ জন করোনা পজেটিভ রয়েছে। তাদের কাছ থেকে তিনি সংক্রমিত হয়েছিলেন।

তিনি আরও জানান, উপজেলাটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২১ জন। এরমধ্যে ২ জন মৃত্যুবরণ করে ও ৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছে। বাকীরা সবাই আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, থানাপুলিশের সহযোগিতায় মৃত ব্যক্তিকে স্বাস্থ্য বিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ মে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে ৫২ বছর বয়সের এক নারীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/এমআর