চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদে নবপ্রতিষ্ঠিত কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাবে করোনাভাইরাস সনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৫০০ টি নমুনা পরীক্ষা সম্ভব হবে জানা যায়।
সোমবার ১ জুন বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় শিক্ষামন্ত্রী করোনায় চবির কার্যক্রমের প্রশংসা করে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দরকার বেশি বেশি নমুনা পরীক্ষার মাধ্যমে রোগী সনাক্তকরণ, রোগীর সংস্পর্শ নিরূপণ এবং শনাক্তকৃত রোগীকে যথাযথভাবে সেবা প্রদান। এ ল্যাব বিশ্ববিদ্যালয় পরিবার তথা চট্টগ্রামবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
শুরুতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার স্বাগত বক্তব্য রাখেন এবং কোভিড-১৯ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত কার্যক্রম অবহিত করেন।
ভিডিও কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ বেগম ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এবং চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ অংশগ্রহণ করেন।
এতে শুভেচ্ছা বক্তব্য প্রেরণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এ সময় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক ও গবেষকবৃন্দ, ল্যাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআর

