সিলেটে পুলিশ সুপারের অফিসসহ ১১ থানায় জীবাণুনাশক টানেল স্থাপন

আপডেট : ০২ জুন ২০২০, ১৪:৫৫

সিলেটে পুলিশ সুপার কার্যালয়সহ ১১টি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করলো সিলেট জেলা পুলিশ। এর আগে নগরীর বলু টাওয়ার শপিং মলেও জীবাণু নাশক টানেল বসানো হয়।

করোনা ভাইরাস থেকে পুলিশ সদস্য এবং জনসাধারণকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। সোমবার পুলিশ সুপার কার্যালয়সহ সব থানায় একযোগে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখার সাথে সাথে এর সংক্রমণ প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা তৈরিসহ কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব নিশ্চিত করা আক্রান্ত অসুস্থ রোগীদের হাসপাতাল প্রেরণসহ নানাবিধ কাজ করে যাচ্ছে পুলিশ। এছাড়াও লকডাউনের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী সরবরাহ করে হচ্ছে।

এদিকে করোনাকালে পুলিশের নানা মানবিক কাজে পুলিশ সম্পর্কে মানুষের ধারনা অনেকটাই পাল্টে গেছে। মানুষের জন্য এসব কাজ করতে গিয়ে নিজের অজান্তেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছেন পুলিশ সদস্য। মারাও গেছেন ১৫ পুলিশ সদস্য। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা পুলিশে কর্মরত প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। জেলা পুলিশ সুপার আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল চাঙা রাখতে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল সরবরাহসহ নানা পদক্ষেপ অব্যাহত রেখেছেন ।

ইত্তেফাক/আরএ