বর্ণবাদের শিকার হয়েছেন গেইলও!

আপডেট : ০২ জুন ২০২০, ২০:০৩

খেলাধুলার বিশ্বে অন্ধকার অধ্যায়ের নাম ‘বর্ণবাদ’। কোনো ভাবেই যেন মুক্তি মিলছে না এর থেকে। এবার এই বিষয়ে মুখ খুললেন ব্যাটিং দানব ক্রিস গেইল। দাবি করলেন, তিনিও বর্ণবাদের শিকার হয়েছেন।

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। বিশেষ করে ক্রীড়াঙ্গনও প্রভাবিত হয়েছে এই ঘটনায়। ফুটবল মাঠে চলছে প্রতিবাদ। এবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল বললেন, ক্রিকেটেও আছে বর্ণবাদের কালো থাবা। তিনি নিজেই হয়েছেন এটির শিকার।

গত বছর নিউ জিল্যান্ড সফরে গিয়ে বর্ণবাদের শিকার হয়েছিলেন ক্যারিবিয়ান বংশদ্ভূত ইংলিশ পেসার জোফরা আর্চার। সেটি নিয়ে তখন আলোড়ন হয়েছিল অনেক। এটির পরেও বর্ণবাদের শিকার হয়েছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন বার্বাডোজে জন্ম নেওয়া এই ক্রিকেটার।

 গেইল অবশ্য সুনির্দিষ্ট করে বলেননি, কবে বা কোথায় তিনি বর্ণবাদের শিকার হয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে এই অভিজ্ঞতা হতে পারে বলে ইঙ্গিত আছে তার কথায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সেই বীভত্স অভিজ্ঞতা জানিয়েছেন গেইল।

তিনি বলেন, ‘আমি বিশ্ব জুড়ে ভ্রমণ করেছি এবং বর্ণবিদ্বেষমূলক মন্তব্য আমাকেও শুনতে হয়েছে, কারণ আমি কালো। বিশ্বাস করুন, এই তালিকা ক্রমেই বড়ো হতে থাকবে। বর্ণবাদ শুধু ফুটবলে নয়, ক্রিকেটেও আছে। এমনকি অনেক সময় দলের মধ্যেও আমাকে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে আমি কালো বলে।’

ফ্লয়েডের হত্যার প্রতিবাদে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। সেই উত্তাপ স্পর্শ করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনকে। যুক্তরাষ্ট্রের অনেক ক্রীড়াবিদ তো বটেই, এমনকি জার্মানিতে চলমান বুন্দেসলিগার ম্যাচে প্রতিবাদ জানিয়েছেন অনেক। বিশ্বের নানা খেলার আরো অনেক ক্রীড়াবিদও প্রতিবাদ করে চলেছেন নিজেদের জায়গা থেকে।