বুমরাহর রানআপের রহস্য

আপডেট : ০২ জুন ২০২০, ২০:০৪

এখন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার তিনি। অথচ ছোট্ট একটু রান-আপ। এই ছোট্ট রান-আপে কী করে জসপ্রিত বুমরাহ এত জোরে বল করেন, সেটা একটা রহস্য। বুমরাহ এবার নিজে বলেছেন, কেন তার রান-আপ এত ছোটো।

বাড়ির উঠোনে জায়গা বেশি ছিল না বলেই বুমরাহ ছোটো রান-আপে অভ্যস্ত হয়েছেন বলে বলছিলেন, ‘ আমার রান-আপ এত ছোটো, কারণ আমাদের আঙিনায় খুব বেশি জায়গা ছিল না। যে রান-আপ দেখছেন, এইটুকুই সর্বোচ্চ নিতে পারতাম তখন। হয়তো সে কারণেই এই রান-আপে অভ্যস্ত হয়ে গেছি। বড়ো রান-আপে বোলিং করার চেষ্টা অবশ্য করেছি। কিন্তু দেখলাম, গতি বাড়ছে না, কিছুই বদলাচ্ছে না।’ রান-আপের মতো বুমরাহর বোলিং অ্যাকশনও অদ্ভুত। সেটি নিয়েও লোকের কৌতূহলের শেষ নেই। বুমরাহ এই প্রসঙ্গেও জানালেন চমকপ্রদ তথ্য, ‘সত্যি কথা বলতে, খুব বেশি কোচিং আমি পাইনি। কোনো পেশাদার কোচিং বা ক্যাম্পে কখনো যোগ দেইনি। এখনো পর্যন্ত, সব কিছু নিজে শিখছি। টিভি দেখে, ভিডিও দেখে। আপনাআপনি হয়েছে।’