করোনা মহামারির মধ্যে দেশে যাত্রী পরিবহনে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মঙ্গলবার নগরীর সদর রোডের আশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দুলাল মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট লীগের সভাপতি জিতেন্দ্র নাথ বায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ। খুলনা অফিস জানায়, নগরীর পিকচার প্যালেস মোড়ে গণতান্ত্রিক বাম জোট খুলনা জেলা শাখার নেতাকর্মীরা মানববন্ধন করে। এ সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) খুলনার সমন্বয়ক জনার্দন দত্ত।
