শিল্প মন্ত্রণালয় থেকে সদ্য অবসরে যাওয়া সচিব আব্দুল হালিমকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। চার বছরের জন্য তাকে বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব ড. নাহিদ হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫ ও ৬-এর বিধানাবলি প্রতিপালন করতে মো. আব্দুল হালিমকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ করা হলো। শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হালিম গত ২৭ মে অবসরে যান।
বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ড. মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক। ড. শেখ শামসুদ্দিন আহমেদ একই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক। এর আগে গত ৪ মে হেলাল উদ্দিন নিজামী ও ১৯ এপ্রিল স্বপন কুমার বালা বিএসইসির কমিশনার পদ থেকে বিদায় নেন। এতে আগে থেকেই এক কমিশনারের পদ ফাঁকা থাকায় কোরাম সংকটে পড়ে বিএসইসি। পরবর্তী সময়ে ১৪ মে চেয়ারম্যান পদ থেকে বিদায় নেন অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। এ পরিস্থিতিতে ১৭ মে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
