ট্রেড ফিন্যান্স কর্মসূচিতে সহায়তা বাড়িয়েছে এডিবি

আপডেট : ০২ জুন ২০২০, ২১:৩৪

ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম (টিএফপি) বাস্তবায়নে সহায়তা বাড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের বেসরকারি খাতকে সহায়তার জন্য নেওয়া কর্মসূচিতে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগ সীমা ৫১ কোটি ৮০ লাখ ডলার থেকে ৭৫ কোটি ৫০ লাখ ডলারে উন্নীত করা হয়েছে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। মোট ১২টি সহযোগী ব্যাংকের মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগে গ্যারান্টি ও ঋণসহায়তা দেওয়া হচ্ছে এই কর্মসূচির আওতায়। এতে প্রতিষ্ঠানগুলোকে সহায়ক তহবিলের জোগান দেওয়া হয়।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেছেন, কোভিড-১৯ মাহমারির প্রভাবে অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে, বিশষ করে বেসরকারি খাতে। এই কর্মসূচির আওতায় আবর্তনশীল তহবিলের মাধ্যমে ব্যবসায় গতি বাড়বে। আমদানি ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। ৭৫ কোটি ৫০ লাখ ডলারের আবর্তনশীল তহবিলের মাধ্যমে ১০০ কোটি ডলার পর্যন্ত সুবিধা দেওয়া সম্ভব হয়েছে।