ডাম্প ট্রাকের চলাচলে সড়কের বেহাল দশা

আপডেট : ০২ জুন ২০২০, ২১:৫৪

কুমিল্লা মহানগরীর প্রধান সড়কগুলোর মুখে যানজট লাগায় নগরীতে প্রবেশ ও বের হওয়ার জন্য সিটি করপোরেশন ২০১৮ সালে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের ওপর একটি বিকল্প সড়ক নির্মাণ করে। কিন্তু নদী থেকে অবৈধভাবে সংগৃহীত বালু ও মাটি বড়ো বড়ো ডাম্প ট্রাকযোগে বহন করায় সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক ব্যবহার করেই বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তাছাড়া ‘বিবিরবাজার’ স্থলবন্দর হয়ে ভারতগামী রপ্তানি পণ্য বোঝাই গাড়িগুলোও চলাচল করে এই সড়কে। এর মাঝে আমতলী, আলেখারচর, দুর্গাপুর, পালপাড়া এলাকায় অসংখ্য খানা-খন্দক সৃষ্ট হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন গাড়িচালকরা। ডাম্প ট্রাকগুলোর কারণে শুধু সড়কটিরই ক্ষতি হচ্ছে না, প্রতিরক্ষা বাঁধের বহুস্থানও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত। এ অবস্থায়, নদী তীরবর্তী এই বিকল্প সড়ক ও প্রতিরক্ষা বাঁধ রক্ষায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা