রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত শফিউর রহমানের (৫৫) বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। তিনি রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় ভাড়া থাকতেন। গত শনিবার করোনার উপসর্গ নিয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভর্তির সময় তার করোনার সবগুলো উপসর্গই ছিলো। শারীরিক অবস্থা ভালো ছিলো না। তাই তাকে আইসিইউতে রাখা হয়। এরপর রবিবার তার নমুনা সংগ্রহ করা হয় এবং সোমবার হয় পরীক্ষা। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পর দিনই তিনি মারা গেলেন।
আরও পড়ুন: জামালপুরে যমুনার ভাঙন, বিলীনের পথে কয়েকটি আশ্রয়ন প্রকল্প
এদিকে শফিউর রহমানকে নিয়ে রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ালো। শফিউরের মৃত্যুর আগে রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় দুইজন করে এবং নাটোর ও বগুড়ায় একজন করে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। বিভাগের আট জেলায় সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৬২ জন।
ইত্তেফাক/এসি
