নিজ ঘর ও কর্মস্থলে সচেতনতার প্রাচীর গড়ে তুলুন :কাদের

আপডেট : ০২ জুন ২০২০, ২২:২৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সবাই সচেতন থাকলে কোভিড সংক্রমণ রোধ সহজ হবে বলে আমি বিশ্বাস করি। করোনা যাত্রী-মালিক-শ্রমিককে আলাদাভাবে চিনবে না। ছাড় দেবে না কাউকে। তাই নিজেদের স্বার্থেই সচেতনতা জরুরি। করোনার সংক্রমণরোধে সবাইকে দৃঢ় মনোবল নিয়ে নিজ নিজগৃহ এবং কর্মস্থলে সচেতনতার প্রাচীর নির্মাণ করতে হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সোমবার থেকে শর্তসাপেক্ষে সারাদেশে গণপরিবহন চলছে। প্রথম দিনে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয়েছে। অর্ধেক বা তার চেয়ে কম যাত্রী নিয়ে গণপরিবহন চলেছে। অনেকের ভাড়া সমন্বয় নিয়ে শঙ্কা ছিল। স্বাস্থ্যবিধি মেনে জনগণের প্রতি মানবিক আচরণ এবং সংকটে ইতিবাচক সাড়া দেওয়ায় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনসহ সংশ্লি­ষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, ‘অনেকে মনে করছেন যাত্রী সংখ্যা বাড়লে পরিবহনগুলো অর্ধেক আসন খালি রাখার শর্ত মানবে না। জনগণের এই আশঙ্কা থেকে পরিবহন মালিক-শ্রমিকদের নিজেদের মুক্ত রাখতে হবে। গাড়িতে ওঠার আগে ও নামতে প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে সকলকে আবার অনুরোধ করছি।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘অনবরত সমালোচনার ভাঙা রেকর্ড বাজাচ্ছে বিএনপি। অন্ধ সমালোচনা, নেতিবাচকতা আর মিথ্যাচারের বৃত্ত থেকে তারা বেরোতে পারছে না। প্রাণঘাতী করোনা বদলে দিচ্ছে বিশ্ব। কিন্তু এ দলটিকে বদলাতে পারেনি। তিনি বলেন, নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির জন্য ইতিমধ্যে তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি কানে তুলো দিয়েছে। আমি বলতে চাই, সরকারের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় আছে। বরং আপনারাই দেখতে পাচ্ছেন না অসহায় কর্মহীন মানুষের কষ্ট। তিনি বলেন, বিএনপির দৃষ্টিসীমায় অবৈধ ক্ষমতার মসনদ আর দুর্নীতির পাহাড়। তাই তারা সরকারের ইতিবাচক কিছু দেখতে পায় না।’