১০ হাজার বস্তা সিমেন্টসহ ভৈরব নদে কার্গো জাহাজডুবি

আপডেট : ০২ জুন ২০২০, ২২:৩০

খুলনায় ১০ হাজার বস্তা সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ নদীতে ডুবে গেছে। গতকাল মঙ্গলবার ফুলতলা উপজেলার শিকিরহাট এলাকার ভৈরব নদে অপর একটি সিমেন্ট বোঝাই কার্গোর আঘাতে কার্গো জাহাজ এমভি একেএম শাহনেওয়াজ ডুবে যায়।

কার্গো জাহাজ এমভি একেএম শাহনেওয়াজের মাস্টার মো. কামালউদ্দিন জানান, ৬ মে মুন্সিগঞ্জ থেকে ১০ হাজার বস্তা শাহ সিমেন্ট বোঝাই করে এমভি একেএম শাহনেওয়াজ যশোরের বন্দর ও শিল্প শহর নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কার্গোটি ৯ মে ফুলতলা উপজেলার শিকিরহাট ঘাটে পৌঁছে অবস্থান নেয়। করোনা ও শ্রমিক সংকটের কারণে কার্গোটি নওয়াপাড়ায় পৌঁছে সিমেন্ট আনলোড করতে পারেনি। গতকাল ১৬ হাজার বস্তা শাহ সিমেন্ট বোঝাই এমভি কচুরউল্লাহ ভৈরব নদে তাদের কার্গো জাহাজ ঘোরাতে গিয়ে এমভি একেএম শাহনেওয়াজকে আঘাত করলে কার্গোটির তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করে। এতে আমার আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কামালউদ্দিন অভিযোগ করেন, এমভি কচুরউল্লাহ কার্গো জাহাজটি তার মাস্টার না চালিয়ে সুকানি চালাচ্ছিলেন। কার্গো জাহাজ এমভি কচুরউল্লাহর মাস্টার মো. হাসান বলেন, আমার হাতে ব্যথা থাকায় সুকানি মো. ফারুক জাহাজটি ঘুরাচ্ছিল।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মো. কামালউদ্দিন ফুলতলা থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।