সাঁথিয়ায় পলাতক আসামিকে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট : ০২ জুন ২০২০, ২২:৩১

পাবনার সাঁথিয়ায় চার মামলার পলাতক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত অন্তর (২৫) উপজেলার আতাইকুলা থানার গাঙ্গহাটি মোল্লাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, পলাতক আসামি অন্তর গত সোমবার বিকালে বাড়ির পাশে ঘুরছিল। এ সময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার শরীর থেকে দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে ফেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিক্যাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী নেওয়ার পথে সন্ধ্যায় সে মারা যায়। এ ব্যাপারে নিহতের মা অঞ্জুলী খাতুন বাদী হয়ে ১০ জন নামীয় ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুভাস চন্দ্র জানান, এ ঘটনায় একই গ্রামের কছিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন মন্টুকে সোমবার রাতেই আটক করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ নাছিরুল আলম জানান, অন্তর চারটি মামলার পলাতক আসামি। সে স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী ছিল।