ভারত সীমান্তে চীন আগ্রাসন চালাচ্ছে এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন করছে চীন। সেইসঙ্গে তিনি এটাও উল্লেখ করেন, চীনের এই নীতির জন্য শুধু তাদের দেশের মানুষের ক্ষতি হবে না। এর ফল ভুগবে গোটা বিশ্ব।
পম্পেও বলেন, মুখে একরকম কথা বলছে চীন, কিন্তু কাজে সেই কথার সঙ্গে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। দক্ষিণ চীন সাগর, হংকং বা ভারতের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের যে অত্যধিক সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে, তা তাদের আগ্রাসি নীতিরই একটা দৃষ্টান্ত। চীনের এই নীতির কারণে যদি আমেরিকার স্বার্থে আঘাত লাগে, তাহলে তারাও যে চুপ থাকবেন না তা স্পষ্ট জানিয়েছেন পম্পেও। তিনি বলেন, গত ছয় মাস ধরেই যে চীনের এমন আচরণ সামনে এসেছে তেমনটা নয়, কয়েক দশক ধরে চীন এই আগ্রাসি নীতি চালিয়ে যাচ্ছে। —আনন্দবাজার পত্রিকা
