আসামে ভূমিধসে ২০ জনের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ০০:২৯

প্রবল বৃষ্টিতে আসামে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। আহত হয়েছে বহু মানুষ। প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। গতকাল সকালে ধস নেমে আসে। তাতেই মৃত্যু হয় ২০ জনের। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

মৃতদের মধ্যে বেশির ভাগই দক্ষিণ আসামের বরাক উপত্যকা অঞ্চলের তিন জেলার। তাদের মধ্যে সাত জন কাছাড় জেলার, সাত জন হাইলাকান্দির এবং ছয় জন করিমগঞ্জ জেলার। মৃতদের মধ্যে ১১টি শিশু এবং তিন জন মহিলা রয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগায়। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনবাল জেলা প্রশাসনগুলোকে উদ্ধারকাজে সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। —আনন্দবাজার পত্রিকা