করোনা উপসর্গে মৃত বৃদ্ধের দাফনে এগিয়ে আসল না কেউ

আপডেট : ০৩ জুন ২০২০, ১৬:০৪

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত বৃদ্ধের দাফনে এগিয়ে আসেনি কেউ। পরে অতিরিক্ত পুলিশ সুপার আফজালের নির্দেশনায় ও উপজেলা দাফন-কাফন কমিটির সহযোগিতায় বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৭টায় তার দাফন করা হয়। 

ওই বৃদ্ধের নাম মজিবুর রহমান (৭০)। এর আগে মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ওই একই গ্রামের বাসিন্দা।  

মজিবুর রহমানের ছেলে মনির হোসেন মুঠোফোনে জানান, আমার বাবা কয়েকদিন দিন ধরে জ্বর, সর্দি, কাশিসহ আরো নানান রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় মারা যান। দাফনে এলাকার কোন লোকই আমাদের সহযোগিতা করেনি বরং সবাই পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল স্যারের সাথে যোগাযোগ করি। স্যার নিজেই আসেন এবং উপজেলা দাফন-কাফন কমিটির সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ৭টায় দাফন সম্পন্ন করি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন জানান, মজিবুর রহমানের মৃতদেহ রাতে বাড়িতে পড়ে থাকলেও এলাকার কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। ভোরে আমি নিজে গিয়ে তাদেরকে ফোন করি। তবুও তারা আসেনি। পরবর্তীতে রিপোর্ট করার কথা বললে তারা এগিয়ে আসে। তবে তারা কোন সহযোগিতা করেনি। এমনকি এলাকাবাসী কবরটি পর্যন্ত করে দেয়নি। উপজেলা দাফন কমিটিই কবর খননের কাজ সম্পন্ন করে।

আরো পড়ুন: মিরপুরে ত্রাণ বিতরণের সময় কাউন্সিলের সমর্থকদের হামলা, আহত ১২

তিনি বলেন, ‘যারা মৃত্যুবরণ করেন, তাদের দাফনে এগিয়ে আসা সামাজিকভাবে সবার কর্তব্য। অবহেলা করে দূরে থাকা অন্যদেরকে দাফনে আসতে বারণ করা এটা সমাজের প্রতি একটি অনীহা। এদেরকে সামাজিকভাবে চিহ্নিত করতে হবে।’

অপরদিকে বুধবার সকাল সাড়ে ৮টায় নিহত একই গ্রামের বাসিন্দা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৬০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। উপজেলা দাফন কমিটির সহযোগিতায় তার দাফন করা হয়। নিহত মজিবুর রহমান গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

ইত্তেফাক/এএএম