তথ্যপ্রযুক্তি ডেস্ক
গত সোমবার থেকে গণপরিবহন চালু হয়েছে। এখন রাইড শেয়ারিং চালুর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার এবং পাঠাও।
সোমবার প্রতিষ্ঠান দুটির পক্ষে বিআরটিএ’র চেয়ারম্যানের কাছে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের কর্মকর্তা।
বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) লোকমান হোসেন মোল্লার মাধ্যমে চিঠিটি চেয়ারম্যানের কাছে দেয়া হয়। অ্যাপ চালুর বিষয়ে বিআরটিএ কোনো সিদ্ধান্ত নিলে তা অবহিত করার কথা জানিয়েছেন তিনি।
দেশে গণপরিবহন চালু হলেও রাইড শেয়ারিং অ্যাপ চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। চিঠিতে উবার-পাঠাও গণপরিবহনের চেয়ে রাইড শেয়ারিংয়ে সামাজিক দূরত্ব আরও ভালোভাবে মেনে চলা যায় উল্লেখ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো যাত্রী ও চালকদের নিরাপত্তার জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছে।
গত দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় এর সঙ্গে সংশ্লিষ্টদের জীবিকার বিষয়টিও বিআরটিএ’কে ভাবার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।
