রাজশাহীতে অস্ত্রোপচার করে বাঁচানো হলো হনুমানকে

আপডেট : ০৩ জুন ২০২০, ২০:৪৫

রাজশাহীতে মুখপোড়া হনুমানকে অস্ত্রোপচার করে বাঁচানো হয়েছে। মঙ্গলবার গুরুতর অবস্থায় হনুমানটি পদ্মার চর থেকে বন বিভাগ উদ্ধার করে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ পরিচালিত ভেটেরিনারি ক্লিনিক ও এআইও ট্রেনিং সেন্টারে প্রাণিটির শরীরে অস্ত্রোপচার করা হয়। দুর্ঘটনায় হনুমানটির পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গিয়েছিল ও শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল বলে অস্ত্রোপচার সংশ্লিষ্টরা জানান।

জানা গেছে, পবা উপজেলা ১০ নম্বর পদ্মার চর বিজিবি ক্যাম্পের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল নয়টায় রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী দল গুরুতর মুখপোড়া হনুমানটিকে উদ্ধার করে। এরপর বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান হনুমানটির চিকিৎসার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ পরিচালিত ভেটেরিনারি ক্লিনিক ও এআইও ট্রেনিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে অধ্যাপক জালাল উদ্দিন সরদার ও হেমায়েতুল ইসলাম আরিফ, ডেপুটি চিফ ভেটেরিনারিয়ানদের সহায়তায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন।

এ বিষয়ে জালাল উদ্দিন সরদার বলেন, দুর্ঘটনাজনিত কারণে হনুমানটির পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গিয়েছিল ও শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল। এটি একটি সফল অস্ত্রোপচার হয়েছে। এখন বন বিভাগের নিবিড় পরিচর্যায় প্রাণিটি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

বন বিভাগের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় সফল অস্ত্রোপচার শেষে হনুমানটিকে বন্য প্রাণী উদ্ধার ও পুনবার্সনকেন্দ্রে আনা হয়েছে। সুস্থ হলে হনুমানটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

ইত্তেফাক/বিএএফ