এক্সপ্রেস ইনসিওরেন্সের আবেদন শুরু ১৪ জুন

আপডেট : ০৩ জুন ২০২০, ২১:২৭

শেয়ারবাজারে নতুন আইপিও

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের কারণে আটকে যাওয়া এক্সপ্রেস ইনসিওরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১৪ জুন শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিমা কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণের জন্য ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। তবে করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি শুরু হওয়ায় আইপিও আবেদন আটকে যায়।

টানা ৬৬ দিন সাধারণ ছুটি থাকার পর গত ৩১ মে থেকে আবার সব ধরনের অফিস শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইপিও আবেদন গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে এক্সপ্রেস ইনসিওরেন্স। আইপিও আবেদন ১৪ জুন শুরু হয়ে চলবে ১৮ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে কোম্পানিটির শেয়ার কিনতে আবেদন করতে পারবেন।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

আইপিও অনুমোদন দেওয়ার সময় বিএসইসি জানায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৭২ পয়সা। আর গত পাঁচ বছরের কর-পরবর্তী নিট মুনাফার গড় হারে শেয়ারপ্রতি আয় হয় এক টাকা ৪২ পয়সা।