মাশরাফির উপহার পেলেন ৮২ কোচ

আপডেট : ০৩ জুন ২০২০, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই নানা উপায়ে গণমানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যক্তিগতভাবে এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। মানুষকে সহযোগিতার অভিপ্রায়ে সম্প্রতি অকশন ফর অ্যাকশন নামক সংস্থার মাধ্যমে ক্রিকেট ক্যারিয়ারের দীর্ঘদিনের সঙ্গী ব্রেসলেট নিলামে তুলেছিলেন মাশরাফি। ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছিল ব্রেসলেট। সেই অর্থ ইতিমধ্যে বণ্টন শুরু করে দিয়েছেন তিনি।

এর অংশ হিসেবেই ঢাকা মহানগরীর ৮২ জন ক্রিকেট কোচকে উপহার পাঠিয়েছেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৩ হাজার টাকা করে পেয়েছেন তৃণমূলের বিভিন্ন একাডেমিতে কাজ করা ৮২ জন কোচ। আবাহনী মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচদের হাতে অর্থ তুলে দেওয়া হয়।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য ১ লাখ টাকা অনুদান হস্তান্তর করেছেন ডাকসুর কাছে। নিলামের মাধ্যমে ব্রেসলেট বিক্রির পর মাশরাফি বলেছিলেন, ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা নড়াইলবাসীর জন্য ব্যয় করা হবে। বাকি ১৫ লাখ টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যে, রাজধানীর ক্রিকেট কোচের আর্থিক সহায়তায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিনামূল্যে রক্তদাতাদের সংগঠনের উন্নয়নে ব্যয় করা হবে।