গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐ পিসিআর ল্যাব উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের এক্সিকিউটিভ মেম্বার মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ। হাসপাতালের মিডিয়া বিভাগের আবুল হাসান জানান, ল্যাবটি শুরুতে প্রতিদিন হাসপাতালের ভাইরোলজিস্ট ডা. কামরুন নাহারের তত্ত্বাবধানে ২০০টি নমুনা পরীক্ষা করতে পারবে। ফলাফল দিতে সময় লাগবে ২৪ ঘণ্টা। হাসপাতালের কল সেন্টার প্রতিটি সেবাগ্রহণকারীকে ফোন করে ফলাফল জানিয়ে দিচ্ছে এবং পরবর্তী নির্দেশনা প্রদান করছে। হাসপাতালে ভর্তি রোগীদের জন্যও এই সেবা চালু রয়েছে। ফলে অন্য যেসব রোগী করোনা মুক্ত তাদের হাসপাতাল থেকে ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্যাম্পল কালেকশন সেন্টারটি মূল হাসপাতালের বাইরে অবস্থিত।
