ইত্তেফাক রিপোর্ট
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সংযোজিত হয়েছে চারটি অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন ইন্টারসেপটোর জলযান। এটি যুক্ত হওয়ায় নৌপথে বিজিবি আরো শক্তিশালী হলো।
সিলভারক্রাফট ৪০ মডেলের রিইনফোর্সড পলিমারের তৈরি ৪০ ফুট দীর্ঘ ৭৫০ হর্সপাওয়ারের তিন ইঞ্জিনের প্রতিটি জলযান ৩৩ জন সৈন্য ধারণে সক্ষম এবং এর গতিবেগ ঘণ্টায় ৫৫ নটিক্যাল মাইল বা ১০১ কিলোমিটার। এই জলযানসমূহ যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলাচলে সক্ষম এবং এতে সংযোজিত আছে স্বয়ংক্রিয় মেশিনগান সংযুক্তির সুবিধাসহ উন্নত প্রযুক্তির স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, চতুর্থ প্রজন্মের জিপিএস, আধুনিক সোনার সিস্টেম এবং আরো অনেক অত্যাধুনিক সরঞ্জাম। এই জলযানসমূহ নিজস্ব অবস্থান থেকে ৫০ কিলোমিটার দূরত্বে শত্রু জলযানের অবস্থান নিশ্চিত করতে পারে। এই জলযানসমূহে দুই জন মুমূর্ষু রোগী পরিবহনেরও ব্যবস্থা রয়েছে।
