রাজধানীতে নকল হ্যান্ড স্যানিটাইজার উত্পাদন

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:০৩

র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫ লাখ টাকা জরিমানা

  বিশেষ প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উত্পাদন ও বাজারজাত করার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ঐ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খিলগাঁওয়ের রেজা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

পলাশ বসু জানান, রেজা ফুড প্রোডাক্টস লিমিটেডের ফুডের ট্রেড লাইসেন্স আছে। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের দুঃসময়কে কাজে লাগিয়ে কোনো প্রকার অনুমতি বা অনুমোদন ছাড়া নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছিল তারা। এটাতে লেখা হচ্ছে শতভাগ ভাইরাস প্রটেকশন। এটা কখনোই সম্ভব না। এছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করছে। এর মধ্যে চট্টগ্রামের অমনিবাস নামে একটি কোম্পানিকে স্যানিটাইজার সরবরাহ করছিল। কোনো ধরনের চুক্তিপত্র এবং ঐ প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই ছাড়াই তারা চট্টগ্রামে স্যানিটাইজার সরবরাহ করছে। তাদের তৈরি করা স্যানিটাইজারের গায়ে যে উপাদানগুলো আছে অর্থাত্ আইসোপ্রোফাইল অ্যালকোহল; তা বিন্দুমাত্র নেই। যা আছে সব ভেজাল ও নকল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাজা দেওয়ার পাশাপাশি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।